নওগাঁয় নরেশ চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঐ পুলিশ কর্মকর্তা হলেন এএসআই মাসুদ। তিনি নওগাঁ সদর থানায় কর্মরত। নিহত নরেশ চন্দ্র দাস নওগাঁ শহরের মুন্সিপাড়ার নিমাই চন্দ্র দাসের ছেলে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শুকুর আলী মেড়ে ডা. শাহিদার চেম্বারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে পরেশ অভিযোগ করে বলেন, সকাল থেকে বাবাকে এএসআই মাসুদ তিনবার ফোন করে যেতে বলেন। বাবা বাইরে যাননি। পরে সন্ধ্যার দিকে এএসআই মাসুদ সহ দু-তিন জন ব্যক্তি বাড়িতে এসে বাবাকে ডেকে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান। সন্ধ্যার দিকে ডা. শাহিদার চেম্বারের পাশে ব্যাপক মারধর করার পর বাবা চিত্কার করছিল। এসময় স্থানীয় এক ব্যক্তি টর্চ লাইট মারলে এএসআই মাসুদসহ কয়েকজন হ্যান্ডকাফ খুলে দৌড়ে থানার দিকে যেতে দেখেন। পরে স্থানীয়রা এসে দেখেন বাবা অচেতন অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক বাবাকে মৃত ঘোষণা করেন। বাবা আগে থেকেই রোগী ছিলেন।
অভিযুক্ত এএসআই মাসুদ বলেন, আমি যে নরেশ চন্দ্র দাসকে ফোন করেছি, ফোন ট্যাগ করলেই তার প্রমাণ পাওয়া যাবে। তবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা বা পিটিয়ে মেরে ফেলার সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেন তিনি।
