করোনা উপসর্গে ঢাকা মেডিক্যালে ১৮ দিনে ১২২ জনের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২০, ২২:৪১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৮ দিনে করোনা উপসর্গ নিয়ে ১২২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন ছিলেন নিশ্চিত করোনা রোগী। গতকাল সোমবারও পাঁচ জন নারীসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যরা পরীক্ষার আগেই উপসর্গ নিয়ে মারা গেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে রোগীকে নিয়ে দৌড়াদৌড়ির পর যখন ভর্তি হতে পারে না, তখন ঢাকা মেডিক্যালে আসে। ততক্ষণে রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন হয়ে যায়। যারা মারা গেছেন তাদের সবার শরীরে যে করোনা ভাইরাস ছিল এমনটা নয়। তবে অনেকের মধ্যে উপসর্গ ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, গত পহেলা মে থেকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে করোনা রোগী ভর্তি শুরু হয়। সেই থেকে ভিড় বাড়তে থাকে মেডিক্যালে। গত শনিবার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ইউনিট-২ করোনা রোগীদের চিকিত্সার জন্য নির্ধারণ করা হয়েছে। বার্ন ইউনিট ও ইউনিট-২              মিলিয়ে সাড়ে ৭০০ রোগীকে এখানে চিকিত্সা দেওয়া হচ্ছে। চিকিত্সার জন্য এসে এখান থেকে কেউ ফেরত যাচ্ছেন না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা মেডিক্যাল কলেজের মরচুয়ারিতে ৪০টি লাশ রাখার ব্যবস্থা আছে। সেখানে জঙ্গিসহ বিভিন্ন ঘটনায় নিহত ৩০টি লাশ আগেই রাখা রয়েছে। ফলে বিপুলসংখ্যক লাশ সেখানে রেখে পরীক্ষার কোনো সুযোগ নেই।