শেখ হাসিনা সরকারের ত্রাণ কার্যক্রমে জনগণ খুশি: নাসিম

আপডেট : ১৮ মে ২০২০, ২২:৪১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনা দুর্যোগে মানুষের জীবন রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এতে দেশের জনগণ খুশি।

গতকাল সোমবার  কাজিপুর উপজেলার শুভগাছা, সোনামুখী এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার জনগোষ্ঠীর মধ্যে মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত ‘ঈদ উপহার’ চিনি, ময়দা, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোহাম্মদ নাসিম এই কার্যক্রম উদ্বোধন করেন। মোহাম্মদ নাসিমের নির্বাচনী এলাকা কাজিপুরের ১২ ইউনিয়ন, একটি পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ইউনিয়নে এই ঈদ উপহার পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

সোমবার  তিন ইউনিয়নে ১ হাজারেরও বেশি কর্মহীন মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।