নিউজিল্যান্ডে শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডর্ন। দেশটির জনপ্রিয় নিউজহাব রিড রিসার্চের জরিপে তাকে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার দক্ষতার কারণে দেশটিতে করোনা ভাইরাস তেমন ক্ষতি করতে পারেনি বলে জরিপে অংশ নেওয়া মানুষ মনে করছেন। খবর রয়টার্সের
গত ৮ থেকে ১৬ মে পর্যন্ত জরিপ পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীদের অর্ধেকই মত দেন গত বৃহস্পতিবার বাজেট অধিবেশনের পর। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরই জাসিন্ডার লেবার পার্টির জনপ্রিয়তা ১৪ পয়েন্ট বেড়ে ৫৬ দশমিক ৫ শতাংশে গিয়ে পৌঁছায়। দেশটিতে কোনো দল এত জনপ্রিয়তা আগে পায়নি। বিপরীতে পার্লামেন্টে বৃহত্তম দল দ্য ন্যাশনালসের জনপ্রিয়তা ১২ দশমিক ভাগ কমে ৩০ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। ব্যক্তিগতভাবে আরডর্নের জনপ্রিয়তা ৫৯ দশমিক ৫ শতাংশ। গত জরিপের চেয়ে ২০ দশমিক ৮ ভাগ বেড়েছে। রিড রিসার্চের জরিপের ইতিহাসে কোনো ব্যক্তির সর্বোচ্চ জনপ্রিয়তা এটি। জাসিন্ডার কঠোর লকডাউনকে ৯২ শতাংশ মানুষই সমর্থন করেছে। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৯৯ জন এবং মারা গেছে ২১ জন।
