সংসদীয় কমিটির কাছে তিন বছরের কর্মপরিকল্পনা জানাতে হবে রাষ্ট্রদূতদের

আপডেট : ১৯ মে ২০২০, ০০:৩০

বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের অধিকতর জবাবদিহিতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবে রাষ্ট্রদূতরা এখন থেকে স্ব স্ব মিশনের আগামী তিন বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি সংসদীয় কমিটির কাছে পেশ করবেন। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রবিবারের বৈঠকে জাপানে নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ ও রোমানিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. দাউদ আলী তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তাদের দুই জনকে দিয়ে এই কার্যক্রম শুরু করল সংসদীয় কমিটি।

এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের মধ্যেও  ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে প্রথমবারের মতো দুই জন  রাষ্ট্রদূত বিদেশে দায়িত্ব পালনকালে দেশের জন্য ও প্রবাসী বাংলদেশিদের জন্য কী কী কাজ করবেন এবং কী ধরনের উদ্যোগ নেবেন তা উপস্থাপন করেন। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদূতদের জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সংসদীয় কমিটির সদস্যরা রাষ্ট্রদূতদের দেশের ও জনগণের উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায় সে বিষয়ে উপদেশ ও দিকনির্দেশনা দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, কাজী নাবিল আহমেদ ও নাহিম রাজ্জাক অংশ নেন।