করোনা প্রতিরোধ সরঞ্জাম আমদানিতে শুল্ককর প্রত্যাহার

আপডেট : ১৯ মে ২০২০, ০০:৩৬

করোনা প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়াও এ সংক্রান্ত বিভিন্ন পণ্য ও কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ককর প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, মাস্ক ও গগল্স ও ফেস শিল্ডসহ করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহূত ২৩ ধরনের সরঞ্জাম ও এর কাঁচামাল আমদানিতে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে এসব পণ্যের উত্পাদন পর্যায়ে খরচ কমবে। ফলে ভোক্তা পর্যায়েও খরচ কমবে বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে, যা আগামী জুন পর্যন্ত বহাল থাকবে।

তবে এসব সরঞ্জামের কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রকৃত উত্পাদনকারী হতে হবে। একই সঙ্গে তাদের সরকারের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের পাশাপাশি পোশাক উত্পাদনকারীদের সমিতি হিসেবে বিজিএমএইএর প্রত্যয়নপত্রও থাকতে হবে। এসব পণ্য ও কাঁচামালের ওপর সাধারণ শুল্কের পাশাপাশি ক্ষেত্রবিশেষে সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, আগাম কর (অ্যাডভান্স ট্যাক্স বা এটি), ভ্যাট বা মূল্য সংযোজন কর ও অগ্রিম আয়কর বা এআইটি রয়েছে। নতুন আদেশের ফলে এ ধরনের কোনো শুল্ক কর থাকছে না।