অর্থনীতির নিম্নগতি ২০২১ সালেও থাকবে : ফেড প্রধান

আপডেট : ১৯ মে ২০২০, ০০:৩৬

করোনা ভাইরাসের মহামারির প্রভাবে আগামী ২০২১ সালেও অর্থনীতির অবস্থা খারাপ থাকবে বলে সতর্ক করলেন ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান জেরোমি পাওয়েল। বিবিসির সংবাদ অনুযায়ী মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সিবিএসকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, বর্তমানে অর্থনীতি যেভাবে সংকুচিত হয়ে আসছে সেটি আগামী বছরের শেষ পর্যন্ত চলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ৩ কোটি ৬০ লাখ মানুষ বেকার ভাতার সুবিধার জন্য আবেদন জানিয়েছে। তবে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

সাক্ষাত্কারে তিনি বলেন, এখন সময়টি খুবই কষ্টের। মানুষের মনের অবস্থা শব্দের মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। এই অর্থনীতির গতি ফিরে আসবে। তবে এটি আগামী বছরের শেষ দিকে হতে পারে বলে তিনি মনে করেন। অর্থনীতির এই অবস্থায় নিম্ন আয়ের বিশেষ করে নারীরা বেশি সমস্যায় পড়েছেন। তবে মার্কিন অর্থনীতি অনেক শক্তিশালী। মন্দা ঠেকানোর সামর্থ্য রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মার্কিন অর্থনীতি ২০ থেকে ৩০ শতাংশ সংকুচিত হয়েছে। তবে পরবর্তী প্রান্তিক থেকে এই অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এরই মধ্যে মন্দা ঠেকাতে ৩ ট্রিলিয়ন ডলার (২৫৫ লাখ কোটি টাকা) প্রণোদনা ঘোষণা করা হয়েছে। যা দেশের মোট অর্থনীতির আকারের ১৪ শতাংশের সমান। প্রণোদনার পাশাপাশি ফেড অর্থনীতিতে তারল্য বাড়াতে নানা সুবিধার ঘোষণা দেয়।