আসছে ধেয়ে

আপডেট : ১৯ মে ২০২০, ২১:২৮

এই সময়ের ছড়া 

সুজন বড়ুয়া

 

করোনার ভয়ে কাঁপছে মানুষ

কোনদিকে যাবে পাচ্ছে না হুঁশ,

পাচ্ছে না দিশ পাচ্ছে না কূল

এদিকে আবার কাঁপে উপকূল,

আসছে ভয়াল সমুদ্রঝড়

নয় মহাসেন, নয়কো সিডর,

এই ঝড় নাকি তার চেয়ে বড়ো

আজকে সবাই তাই জড়সড়।

 

ওই দেখো ফোঁসে বঙ্গোপসাগর

রক্ষা পাবে কি এই বাড়িঘর?

রক্ষা পাবে কি আর তবে কেউ?

আকাশ ছুঁয়েছে সাগরের ঢেউ,

ঝড়ে তবে হবে সব একাকার?

কেউ কি থাকবে কাউকে দেখার?

 

কাঁপছে মানুষ মাছ পশু পাখি

এবার বাঁচার উপায়টা কী?

এবার বাঁচাবে কোন সাম্পান?

আসছে যে ধেয়ে ঝড় আম্পান,

স্থলভাগে করোনার ত্রাস

জলে ঘূর্ণি ও জলোচ্ছ্বাস,

মড়ার ওপর খাঁড়ার ঘা

কে কোথায় যাব জানি না!