সাভারে সেনাবাহিনীর ‘সম্প্রীতির ইফতার’

আপডেট : ১৯ মে ২০২০, ২১:৪০

দেশে করোনা ভাইরাস সংক্রমণে চলমান লকডাউন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ‘সম্প্রীতির ইফতার’ আয়োজন করা হয়। এতে স্থানীয় ৫৫০ জন অসহায়, দুস্থ এবং নিম্নআয়ের পরিবারকে ইফতারি প্রদান করা হয়। এই কর্মসূচিতে সাভার এলাকার প্রান্তিক শ্রেণির পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয় এবং রমজানের সহমর্মিতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তাদের হাতে ইফতারি তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রেষণা প্রদান করা হয়। দুস্থদের জন্য ইফতারি বিতরণের এই মানবিক কার্যক্রম তাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রতীয়মান হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন করোনা মোকাবিলায় মোতায়েনের শুরু থেকেই তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মাস্ক ও জীবাণুনাশক সামগ্রী প্রদান, সম্প্রীতির বাজার চালুসহ দরিদ্র কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি ও কৃষিবীজ বিতরণ কর্মসূচি পালন করে আসছে। —আইএসপিআর