অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি তনয়া ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের কণ্ঠ নকল করে এবং তার নাম ব্যবহারে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তারাশাইল গ্রামের এনাম মিয়ার ছেলে মো. শাহীন ও পিরোজপুরের ইন্দুরকানীর আরিফুল ইসলাম প্রিন্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির সমন্বয়ক ও জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে নাফিসা কামালের পক্ষে সদর দক্ষিণ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
