ভারতে আক্রান্ত ১ লাখ ছাড়াল

আপডেট : ১৯ মে ২০২০, ২৩:০০

লক্ষাধিক সংক্রমণের তালিকায় ঢুকে পড়ল ভারত। আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড হয়েছিল সোমবার। গতকাল দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল। করোনার কারণে ব্রিটেনে ২১ লাখ মানুষের চাকরি গেছে। দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর রুশ প্রধানমন্ত্রী কাজে ফিরবেন।

ভারতে লকডাউন কমিয়েছে সংক্রমণ!

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনে নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা ৪ হাজার ৯৭০ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে ভুগছে ১ লাখ ১ হাজার ১৩৯ জন। দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৬৩ জনে। বিশ্বে ১০টি দেশে ভারতের চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি।

২৪ মার্চ প্রথম লকডাউনের পর থেকে ভারতে সংক্রমণ সংখ্যা লাখে পৌঁছতে তিন সপ্তাহ দেরি হয়েছে। সে সময়ে যে হারে রোগ ছড়াচ্ছিল, তাতে লকডাউন না হলে এপ্রিলের শেষেই সংখ্যাটা ১ লাখে পৌঁছাতো বলে কম্পিউটার মডেলিং প্রজেকশনে গত মাসের শেষে দেখা গিয়েছিল। ২ থেকে ১৫ মার্চের মধ্যে ০ থেকে ১০০ সংক্রমণে পৌঁছাতে ১৪ দিন সময় লেগেছিল।               যদি কেরালায় ২০ জানুয়ারি প্রথম তিনটি সংক্রমণের তথ্য বাদ দেওয়া হয়। পরের ১৪ দিনে অর্থাত্ ২৯ মার্চে সংক্রমণ সংখ্যা পৌঁছায় ১ হাজারে। সেখান থেকে ১০ হাজার পৌঁছাতে সময় লাগে ১৫ দিন এবং সেই হারে এপ্রিলের শেষেই সংক্রমণ ১ লাখে পৌঁছাতে পারতো, যদি কোনো নিয়ন্ত্রণ না থাকতো। এপ্রিলের শেষে ভারতে সংক্রমিত ছিল ৩৫ হাজার।

অন্যান্য দেশের পরিস্থিতি

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, এপ্রিলে দেশটিতে বেকার হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৫০০। এ নিয়ে দেশটিতে বেকারত্বের সংখ্যা ২১ লাখ পৌঁছাল। ঈদের ছুটির পর জেরুজালেমের আল আকসা মসজিদ খুলে দেওয়া হবে বলে জানা গেছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিচুস্তিন সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে এসংক্রান্ত এক অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।—ওয়ান ইন্ডিয়া, আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকা