কুমিল্লায় ভাইয়ের হাতে ভাই এবং ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৯ মে ২০২০, ২৩:০১

কুমিল্লায় ছুরিকাঘাতে ইয়াছিন নামে এক যুবক এবং বড়ো ভাইয়ের হাতে হোসেন মিয়া নামে একজন খুন হয়েছেন। সোমবার রাতে জেলার নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলায় এ ঘটনা ঘটে। উভয় ঘটনায় মঙ্গলবার সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।

জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের কুড়িয়াপাড়া (ফকিরামুড়া) গ্রামে ইয়াছিন নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। থানার ওসি নজরুল ইসলাম জানান, কুড়িয়াপাড়া গ্রামের মাদকাসক্ত শাহজাহানের সঙ্গে একই গ্রামের চা-দোকানদার আব্দুল হান্নানের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এঘটনায় আব্দুল হান্নানের খালাতো ভাই মিজান ও ইয়াছিন প্রতিবাদ করায় শাহজাহান তাদের ওপর ক্ষিপ্ত হয়। সোমবার রাতে তারাবিহ নামাজ শেষে বাড়িতে ফেরার পথে শাহজাহান ইয়াছিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত ইয়াছিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নাঙ্গলকোট উপজেলার সোন্দাইল গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার দুই ছেলে সহিদ ও আরমান হোসেন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। করোনার সংক্রমণ ঝুঁকির কারণে তাদের চাচা হোসেন মিয়া দুই ভাতিজাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন। এতে ভাতিজারা ক্ষিপ্ত হয়ে চাচা হোসেন মিয়াকে গালমন্দ করে। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বড়ো ভাই দুলাল মিয়া ও তার ছেলেরা ১০/১২ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে হোসেন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চিকিত্সকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, এ ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে