সিরাজগঞ্জে তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ চার জন নিহত হয়েছেন। গতকাল বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার (৪০), তার স্ত্রী নুরজাহান বেগম (২৪), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোহেলরানা (২২) এবং অজ্ঞাত এক নারী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, তেল পরিবহনকারী একটি ট্রাক দিনাজপুর যাওয়ার পথে মহাসড়কের ঐ স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিন জন এবং হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত এক নারী মারা যান।
এদিকে বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, বদরগঞ্জে প্রাণ দুগ্ধ লরির ধাক্কায় মোটরসাইকেলচালক রেজাউল ইসলাম স্বপন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল পৌরশহরের মুন্সিপাড়া পেট্রোল পাম্প নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্বপন পৌরশহরের শংকরপুর মণ্ডলপাড়া মহল্লার বাসিন্দা।
