এমপিদের পরামর্শ নিয়ে হালদার জীববৈচিত্র রক্ষার নির্দেশ

আপডেট : ১৯ মে ২০২০, ২৩:০২

হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ১৪ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। ঐ কমিটিতে হালদা নদীর তীরবর্তী এলাকার সংসদ সদস্যবৃন্দকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। আদালত বলেছে, সংসদ সদস্যবৃন্দের উপদেশ মোতাবেক কমিটি কার্যক্রম পরিচালনা করবে। হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

এর আগে হালদা নদীর ডলফিন হত্যা বন্ধ ও জীববৈচিত্র রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে এসংক্রান্ত দুটি প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের দেওয়া ঐ প্রতিবেদনে বলা হয়েছে, জীববৈচিত্র রক্ষায় হালদা নদী তীরবর্তী এলাকায় ১০০ মেগাওয়াটের বিদ্যুত্ প্রকল্প বন্ধ করা হয়েছে। ধ্বংস করা হয়েছে দেড় লাখ বর্গমিটারের কারেন্ট জাল। বন্ধ করা হয়েছে বালুমহালের কার্যাদেশ। বেশ কিছু বালুবাহী ট্রলার ধ্বংস করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে ডলফিন হত্যা বন্ধে।

ঐ প্রতিবেদনে আদালতের কাছে হালদার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়। আদালত তা বিবেচনায় নিয়ে কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটির নাম দেওয়া হয়েছে, হালদা নদীর ডলফিন হত্যা রোধ, প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র ও সবপ্রকার কার্প জাতীয় মা মাছ রক্ষা কমিটি।