হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন ট্রাম্প

আপডেট : ১৯ মে ২০২০, ২৩:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন। যদিও তার করোনা ভাইরাসের পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। তার কোনো উপসর্গও নেই। বিশেষজ্ঞরা এর আগে এই ওষুধটি সেবনে নিষেধ করেছিলেন। খবর সিএনএনের

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন যে করোনার চিকিত্সায় বিশেষ কিছু উপকার করতে পারে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন বিশেষজ্ঞরাও করোনা ভাইরাসের মোকাবিলায় হাইড্রোক্সিক্লোরোকুইনের বিপক্ষে রায় দিয়েছেন। তাও প্রতিদিন এই ওষুধ সেবন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানান যে, এক সপ্তাহ ধরে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন। কেন তিনি ম্যালেরিয়ার ওষুধ সেবন করছেন, সেই প্রশ্নের জবানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ওষুধ সম্পর্কে তিনি অনেক ভালো ভালো কথা শুনেছেন।

হাইড্রোক্সিক্লোরোকুইনের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কেউ কেউ বলছেন, এর মাধ্যমে শরীরে বিষ ঢোকানো হচ্ছে। আর চিকিত্সকের পরামর্শ ছাড়া এই ওষুধ খেলে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি জানিয়েছেন যে ট্রাম্পের প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়া মোটেও ঠিক নয়।