আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে। খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকালে করোনা রোগ শনাক্তকরণে অত্যাধুনিক পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) ল্যাবের আনুষ্ঠানিক পরীক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের নতুন একাডেমিক ভবনের ৫ম তলায় পিসিআর ল্যাবটি বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম এমপি। এ সময় তার সঙ্গে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি উপস্থিদ ছিলেন। মঙ্গলবার বিকালে ল্যাবের উদ্বোধন শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজারে তার ব্যক্তিগত অর্থায়নে ‘ঈদ উপহার’ চিনি, ময়দা, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পিসিআর ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেডিক্যাল কলেজ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কে এম হাসান আলী হাসান প্রমুখ।
