কুমিল্লা সদরে সাড়ে ৪ হাজার পরিবারে ঈদ উপহার বিতরণ

আপডেট : ২০ মে ২০২০, ১৯:২২

কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে করোনার প্রভাবে কর্মহীন, অভাবী ও হতদরিদ্র সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে বুধবার (২০ মে) খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন জিমনেশিয়ামে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।  

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো: আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল। এসময় উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন বলেন, করোনা প্রভাবের কারণে এ পর্যন্ত এ নির্বাচনী এলাকায় (কুমিল্লা-৬) জেলা প্রশাসকের মাধ্যমে প্রায় ৮০ মেট্রিক টন সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া আমার ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত ১৬ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। ঈদ উপলক্ষ্যে কর্মহীন ও অস্বচ্ছল কর্মীদের মাঝে আরও ঈদ উপহার প্রদান করা হবে। 

আরও পড়ুনঃ হে প্রভু! ঘূর্ণিঝড় ও মহামারি থেকে আমাদের রক্ষা কর

তিনি আরও বলেন, দেশ কখন করোনামুক্ত হবে আমরা কেউই জানি না। তাই করোনা থাকবে, আমরাও থাকব ধরে নিয়েই আমাদেরকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সরকারি বিধি-নিষেধ মেনে নিজেদেরকে সুরক্ষিত রেখে চলতে হবে। 

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো: আমিনুল ইসলাম টুটুল বলেন, ‘আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যোগে ৬ ইউনিয়নের সাড়ে ৪ হাজার কর্মহীন ও হতদরিদ্র পরিবারে প্রায় ৩৬ লাখ টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে) প্রতি পরিবারের জন্য ১০ কেজি করে চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি করে চিনিসহ মোট ৭৭ টন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত আমার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার প্রায় দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি।’ 

ইত্তেফাক/এমএএম