জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেসরকারি কলেজের প্রভাষকগণ ৯ম গ্রেডে ২২০০০ টাকা বেতন পেয়ে থাকেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন ২০১৮-এ বেসরকারি কলেজ-মাদ্রাসার প্রভাষকদের পদোন্নতি বিষয়ে উল্লেখ করা হয় যে, তাঁরা একই পদে ১০ বছর চাকরির পর পরবর্তী গ্রেডে উন্নীত হবেন অর্থাত্ বেতন ২৩০০০ টাকা পাবেন। তার মানে প্রভাষক পদে ১০ বছর চাকরির পর বাড়বে ১০০০ টাকা। আবার ৮ম গ্রেডে ৬ বছর চাকরির পর পরবর্তী গ্রেডে উন্নীত হবেন অর্থাত্ পরবর্তী গ্রেড ৭ম-এ ২৯০০০ টাকা বেতন পাবেন। কিন্তু জাতীয় বেতন স্কেল ২০১৫ জারি হওয়ার আগে প্রভাষকগণ একই পদে ৮ বছর চাকরি করার পর টাইম স্কেল পেয়ে বর্তমানে ৭ম গ্রেডে ২৯০০০ টাকা বেতন পাচ্ছেন। ফলে যাঁরা বর্তমানে প্রভাষক পদে চাকরি করছেন, তাঁদের ৭ম গ্রেডে ২৯০০০ টাকা বেতন পেতে হলে ১৬ বছর চাকরি করতে হবে। যা আগের প্রভাষকগণ ৮ বছরেই ৭ম গ্রেডে ঐ বেতন পেয়েছেন। কিন্তু বেসরকারি কলেজের প্রভাষকদের অনেকের চাকরি বয়স ১০ বছর বা তার বেশি পেরিয়ে গেলেও এখনো উচ্চতর গ্রেড পাননি। ফলে তাঁরা হতাশায় ভুগছেন। সরকার বেসরকারি শিক্ষকদের বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ায় যাঁরা সদ্য প্রভাষক পদে যোগ দেবেন, তাঁরাও ৯ম গ্রেডে ২২০০০ টাকা এবং যাঁরা ১০ বছর ধরে একই পদে আছেন তাঁরাও ২২০০০ টাকা বেতন পাবেন। এই বৈষম্য দূর হওয়া একান্ত প্রয়োজন। তাই উচ্চতর গ্রেডের প্রাপ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
আশরাফ আহমেদ
প্রভাষক, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ,
হোসেনপুর, কিশোরগঞ্জ
