রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ২০ মে ২০২০, ২১:৪৬

বন্দর নগরী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সর্বদক্ষিণে দোহাজারী পৌরসভার অন্তর্গত দিয়াকুল গ্রাম। পাহাড়-নদী ঘেরা গ্রামটির প্রধান গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা দুর্দশাগ্রস্ত। রাস্তাটি তপোবন আশ্রম থেকে কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়েছে। দিয়াকুলের তিনদিকে সাঙ্গু নদী হওয়ায় শহর-উপশহরের যোগাযোগের একমাত্র রাস্তা এটি। গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি ও বন্যার পানিতে বেশকিছু অংশ ক্ষতি হয়, তার মধ্যে গাড়ি চলাচলে ইটের তৈরি রাস্তাটির ইট-মাটি সরে গিয়ে বড়ো বড়ো গর্ত হয়ে এখন প্রায় ৯০ শতাংশ খানাখন্দে পূর্ণ। এ অবস্থায় গুরুতর অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি, দক্ষিণ চট্টগ্রামের সবজি ভাণ্ডার খ্যাত দোহাজারী বাজারে গ্রামের কৃষকদের উত্পাদিত সবজি পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া সাঙ্গু নদীর পাশ ঘেঁষে রাস্তাটি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার জনসাধারণ। তাই অবিলম্বে সংস্কার বিহীন রাস্তাটি সংস্কারের জন্য দোহাজারী পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সাইমুন

দিয়াকুল, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ, চট্টগ্রাম