করোনা উপেক্ষা করে জমজমাট ঈদ মার্কেটিং

আপডেট : ২০ মে ২০২০, ২১:৪৯

ইত্তেফাক ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ভয়কে উপেক্ষা করে বিভিন্ন স্থানে চলছে জমজমাট ঈদ মার্কেটিং। হাট-বাজারের বিপণিবিতানগুলোতে মানুষ উপচে পড়া ভিড় করছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

সুজানগর (পাবনা) : সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাটবাজারের বিপণিবিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। কোনো প্রকার সামাজিক দূরত্ব না মেনেই চলছে ঈদের কেনাকাটা। বিশেষ করে সুজানগর পৌর শহরের দোকানপাট গুলোতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। স্থানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে মাইকিং করাসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে কোনো ফল হচ্ছে না।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে চলা শুধুই ব্যবসায়ীদের প্রতিশ্রুতি মাত্র।

পৌরশহরের বিভিন্ন দোকানপাট ঘুরে দেখা গেছে, সামাজিক দূরত্বের বালাই নেই কোথাও। নেই দোকানিদের মুখে মাস্ক কিংবা হাত ধোয়ার ব্যবস্থা। ক্রেতারাও ছুটছে যে যার মতো। মার্কেটে রয়েছে উপচে পড়া ভিড়। বড়ো মার্কেটগুলোতে জীবাণুনাশক টানেল কিংবা বুথ বসানোর কথা থাকলেও সেটা করা হয়নি। নেই হাত ধোয়ার সাবান-পানিও। একের অধিক লোকজন একসঙ্গে হুমড়ি খেয়ে ভিড় করছেন দোকানগুলোতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, দেশের স্বার্থে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার প্রতিশ্রুতি দিয়েছেন থানা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। কিন্তু দোকান ব্যবসায়ীরা তা মানছেন না। যারা সরকারি নির্দেশনা অমান্য করছেন তাদের নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে।

তাহিরপুর (সুনামগঞ্জ) : উপজেলার বাজারগুলোতে ঈদের কেনাকাটায় উপচে পড়া মানুষের ভিড় দেখা যায়। তাহিরপুর উপজেলার বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজারসহ ছোটো-বড়ো বাজারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কাপড় ব্যবায়ীরা। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, স্বাস্থ্যবিধি না মেনে দোকানগুলোতে লোকজনের জটলার দৃশ্য দুঃখজনক। সবাইকে আরো সচেতন হতে হবে। উপজেলার ছোটো-বড়ো বাজারগুলো বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার নির্দেশনা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।