নাটোরে আম সংগ্রহ কার্যক্রম শুরু

আপডেট : ২০ মে ২০২০, ২১:৫০

নাটোর প্রতিনিধি

রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব আম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বুধবার থেকে জেলায় গাছ থেকে আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সকালে নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে আম চাষি মেহেদী হাসানের আম বাগানে গোপালভোগ জাতের আম পাড়ার মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

জেলায় আম সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে। ৭ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলায় গাছ থেকে আম ও লিচু সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়।

এই সময়সূচির বাইরে আগে কোনো জাতের আম ও লিচু গাছে পরিপক্ব হলে উপজেলা কৃষি বিভাগ ও প্রশাসনের অনুমতিসাপেক্ষে কৃষক বা ব্যবসায়ী গাছ থেকে আম সংগ্রহ করতে পারবেন। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ৫ হাজার ৫২০ হেক্টর জমি থেকে ৭৭ হাজার ৩০৫ টন আম উত্পাদন হবে বলে আশা করা হচ্ছে।