নড়াইলে মা ও শিশুসহ তিন জনের করোনা শনাক্ত

আপডেট : ২০ মে ২০২০, ২১:৫১

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মা ও তার শিশুকন্যাসহ নতুন করে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে লোহাগড়া উপজেলায় দুই জন এবং সদর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় সর্বমোট আট জন চিকিত্সকসহ ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সাত চিকিত্সকসহ ১৩ জন ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন, এক জন চিকিত্সকসহ পাঁচ জন হোম আইসোলেশনে রয়েছেন এবং বিশ্বজিত রায় চৌধুরী নামের এক ব্যক্তি ইতিপূর্বে মারা গেছেন। লোহাগড়ায় দুই জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ সাহাবুর রহমান।

হাতিয়ায় আরো এক জনের করোনা শনাক্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়ায় আরো এক জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। হাতিয়ার চরকিং ইউনিয়নের জনতা বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে ঐ ব্যক্তির করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন।

শেরপুরে আরো চার জন করোনায় আক্রান্ত

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুর উপজেলায় নতুন করে আরো চার জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প: প: কর্মকর্তা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।