স্পোর্টস রিপোর্টার
শুধু আন্তর্জাতিক তারকা বিচার করলেও তামিম ইকবালের অনুষ্ঠান এখন খ্যাতনামা হয়ে গেছে। বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে শুরু করে কিংবদন্তি ওয়াসিম আকরাম এসেছেন এই অনুষ্ঠানে। এবার অনুষ্ঠান আলোকিত করতে আসছেন বর্তমান সময়ের আরেক সেরা ব্যাটসম্যান, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
২১ মে, বৃহস্পতিবার রাত ১০:৩০টা থেকে শুরু হবে উইলিয়ামসনকে নিয়ে অনুষ্ঠান। যথারীতি উপস্থাপনা করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশের শীর্ষ সিনিয়র খেলোয়াড়দের নিয়ে তামিম অনুষ্ঠান শুরু করেছিলেন। মাশরাফি, মুশফিক, রিয়াদ এসেছিলেন। এরপর তরুণদের মধ্যে লিটন, সৌম্য, তাসকিন, রুবেল, মুমিনুল, তাইজুল এসেছেন বিভিন্ন সময়। আন্তর্জাতিক প্রথম তারকা ছিলেন রোহিত শর্মা। তারপর বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি এসেছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক অধিনায়ক সুজন, হাবিবুল, আকরাম, নান্নু, পাইলটরা এসেছেন। সঙ্গে গত পর্বে ছিলেন কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম।
