স্বামী গ্রেফতার
ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় গৃহবধূ মাছুরা খাতুন হত্যায় জড়িত অভিযোগে তার স্বামী মোস্তফা মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা জানিয়েছেন, স্ত্রীর মোবাইল ফোনে অপরিচত নম্বর থেকে কল আসা নিয়ে বিবাদের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করেন।
গত ১৫ মে সকালে ডেন্ডাবর এলাকার মোখলেছুর রহমানের বাড়ি থেকে মাছুরার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। ঘটনার পর থেকে মোস্তফা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের বড়ো ভাই নজরুল ইসলাম হত্যা মামলা করেন। র?্যাব-১ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোস্তফাকে ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেড় বছর আগে মাছুরা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তখন থেকে মাছুরার পরকীয়া সম্পর্ক ছিল বলে দাবি করেন মোস্তফা। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ হয়ে আসছিল। সর্বশেষ ১৩ মে দুপুরে রান্না করছিলেন মাছুরা। এ সময় তার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল এলে তিনি কথা বলেন। মোস্তফার সন্দেহ হওয়ায় তিনি জানতে চান কে কল করেছিল? এতে রাগান্বিত হয়ে মাছুরা তার ফোন থেকে কলারের নম্বরটি মুছে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সে দিন বিকাল ও সন্ধ্যায় আরো দুই দফা ঝগড়ার পর মোস্তফা ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন।
