ইত্তেফাক রিপোর্ট
করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মধ্যে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশা র্যাবের কাছে ৬৪ টন (৪ হাজার ব্যাগ) খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে। গত সোমবার র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছে এ খাদ্য হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশার মি. সুশীল রায়, অ্যাডভাইজর (অপারেশন), মো. তৌফিকুল ইসলাম চৌধুরী, ইভিপি (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) ও শেখ মোজাহার উদ্দীন, সিনিয়র কনসালট্যান্ট। খাবারের মধ্যে রয়েছে প্রতি ব্যাগে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার ভোজ্যতেল)। এছাড়া আশা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে বিতরণের জন্য ১৬০ টন, বাংলাদেশ পুলিশকে ৬৪ টন এবং সমাজসেবা অধিদপ্তরকে ৮ টন খাদ্যসামগ্রী প্রদান করেছে। উল্লেখ্য, আশা নিজস্ব অর্থে সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকা মূল্যের খাদ্য সহায়তা দিচ্ছে। এছাড়া করোনা সংক্রমণ ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে ২০ লাখ লিফলেট বিতরণ করেছে তারা।
