চট্টগ্রাম বায়তুশ শরফের পীর বাহরুল উলুম মাওলানা কুতুব উদ্দীনের ইন্তেকাল

আপডেট : ২০ মে ২০২০, ২২:১৯

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বায়তুশ শরফ দরবার শরিফের পির মাওলানা কুতুব উদ্দীন ইন্তেকালে করেছেন। তিনি গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত সোমবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী হওয়ার কারণে তিনি ধর্মীয় মহলে বাহরুল উলুম (জ্ঞানের সাগর) নামেও পরিচিত ছিলেন। মাওলানা কুতুব উদ্দীন চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের সুফি মিয়াজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসা ও চট্টগ্রাম শহরের দারুল উলুম আলিয়া মাদ্রাসায়। তিনি ১৯৫৯ সালে স্বর্ণপদকসহ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে কামিল পাশ করেন।

হাদিস বিশারদ ও কুরআনের তাফসিরকারক মাওলানা কুতুব উদ্দীন আরবি, ফার্সি ও উর্দু ভাষাবিদ হিসেবে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ছিলেন। কর্মজীবনে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে দেশের সেরা অধ্যক্ষের পুরস্কারও অর্জন করেন।

তিনি চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকার ধনিয়ালা পাড়ায় অবস্থিত বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা প্রখ্যাত সুফিসাধক মাওলানা মীর মুহাম্মদ আখতার (রহ.) এবং বায়তুশ শরফের প্রধান রূপকার শাহ সুফি মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার (রহ.) এর সান্নিধ্যে অবস্থান করে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হন। ১৯৯৮ সাল থেকে আমৃত্যু তিনি বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার লেখা একাধিক বিখ্যাত ধর্মীয় গ্রন্থও রয়েছে।