প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্টের ফোন

করোনা প্রতিরোধে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত চীন

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০০

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা প্রদানে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ইত্তেফাককে জানান, ‘চীনের প্রেসিডেন্ট গতকাল বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানতে চান।’

শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি চাইলে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত রয়েছি।’ প্রায় ২৫ মিনিটের টেলিফোন আলাপে তার দেশ বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে আশ্বাস দেন। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সব সময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাব।’ শি জিনপিং আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ জোরদারেও চীন কাজ করে যাবে।

প্রেস সচিব বলেন, বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সহানুভূতি প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। করোনা ভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বানও এ সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। প্রেস সচিব বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্ব স্ব দেশে মেডিক্যাল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী প্রেরণ    করায় উভয় নেতা পরস্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইহসানুল করিম বলেন, আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট। ‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভিত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।