বেতন পরিশোধের দাবিতে রাজপথে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০১

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার সকাল থেকে তাদের অবরোধের ফলে কমলাপুর, শ্যামপুর, গুলশান ও মিরপুরের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে ‘বুঝিয়ে’ তাদের ফেরত পাঠায়।

পুলিশ ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কমলাপুরে সড়ক অবরোধ করেন বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা। তাদের দাবি, কারো দুই মাস এবং কারো এক মাসের বেতন পাওনা রয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেই টাকা পাঠানোর কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ কারণে আগেও তারা বিক্ষোভ করেছেন। পরে মতিঝিল থানা পুলিশ গিয়ে বুধবারের মধ্যেই টাকা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, কারখানাটির মালিকপক্ষ পুলিশকে বলেছে, টাকার ব্যবস্থা হয়েছে। এখন তারা শ্রমিকের পাওনা দিয়ে দেবেন। সেই বার্তাটি জানিয়ে দেওয়ার পর শ্রমিকরা ফিরে গেছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে শ্যামপুরের পোস্তগোলা সেতু ও সংলগ্ন সড়কে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল ভোরে তাদের অবস্থানের ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেতন ও বোনাসের দাবিতে এই বিক্ষোভে অংশ নেন সিভিক অ্যাপারেলস ও আলম মার্কেটের পোশাককর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালায়। কারখানার মালিকদেরও বিষয়টি জানানো হয়। অন্যদিকে গুলশান-১ নম্বর গোলচত্বরে বিক্ষোভ করেন আরেক দল পোশাক শ্রমিক। সকাল ১০টার দিকে রাস্তায় নেমে তারা শতভাগ বেতন-বোনাসের দাবি জানান।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আধাঘণ্টার মধ্যেই তাদের বুঝিয়ে ফেরত পাঠানো সম্ভব হয়। এছাড়া মিরপুর-১৩ নম্বর সেকশনেও সড়কে নেমে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। এ সময় তারা কারখানায় ভাঙচুর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে মঙ্গলবারও তারা বিক্ষোভ করেছিলেন।