প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাবি ছাত্রলীগ নেতার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫০

গত ৮ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘৫০ হাজার টাকা নিয়ে সাইকেল চোর ছেড়ে দিল ছাত্রলীগ নেতা’ শীরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত উদ্দিন। তিনি বলেছেন, প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সাথে সাংঘর্ষিক। ঘটনাটি পক্ষপাতমূলকভাবে উপস্থাপন করায় আমি ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এছাড়া আমার রাজনৈতিক ভবিষ্যত হুমকির মুখে পড়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, আমি শুধুমাত্র ভুক্তভোগী এবং চোরের অনুরোধে মধ্যস্ততা করে ৫০-৬০ জন ছাত্রের উপস্থিতিতে চোরের কাছ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরন নিয়ে সবার সম্মতিতে রাত ১টা নাগাদ চোরকে ছেড়ে দেই। ঘটনাস্থলে আমি ছাড়া আরো অনেক ছাত্রলীগ নেতা এবং সাধারন ছাত্র উপস্থিত থাকার পরেও সংবাদে শুধুমাত্র আমার নাম এসেছে। চোরকে ছেড়ে দেয়ার পর পরই আমি একজন ভুক্তভোগীকে ক্ষতিপূরন হস্তান্তর করি এবং আমার ফেইসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সবাইকে তা জানিয়ে দেই। পরের সন্ধ্যায় ভুক্তভোগীদের নাম, মোবাইল নাম্বার এবং টাকার পরিমাণ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করি। পুরো বিষয় সম্পর্কে হলের অনেক ছাত্র অবগত ছিল এবং সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রকাশ্যে।