শিমুলিয়ায় ফেরি সার্ভিস বন্ধ

অবৈধভাবে যাত্রী পারাপার করায় পদ্মায় ডুবিয়ে দেওয়া হলো সাত ট্রলার

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০৬

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস দ্বিতীয় দিনের মতো বুধবারও পুরোপুরি বন্ধ রাখা হয়। চেকপোস্ট বসিয়ে মুন্সীগঞ্জ সীমানায় প্রবেশের আগেই ফেরত পাঠিয়ে দেওয়া হয় যানবাহন। কোনো যানবাহনই প্রবেশ করতে পারছে না। তবে পায়ে হেঁটে নানা কৌশলে কিছু কিছু যাত্রী ঢুকে পড়ে। শিমুলিয়া ঘাটে আসা এসব যাত্রীকে আবার বুঝিয়ে পুলিশের সহায়তায় ফেরত পাঠানো হয়।

এদের বেশিরভাগই রাজধানী ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফেরার চেষ্টা করছিল। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অবৈধভাবে যাত্রী পারাপারের সময় সাতটি ট্রলার আটক করে পদ্মায় ডুবিয়ে দিয়েছে নৌপুলিশ। তবে দুই শতাধিক ঘরমুখো মানুষ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাটে অপেক্ষা করছিল। ফেরিগুলোও ছিল না ঘাটে। ছিল নদীতে নোঙ্গর করা অবস্থায়।