সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে পাঁচ জন নিহত

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া নরসিংদীর রায়পুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সংবাদদাতা ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া।

পরিকল্পনা মন্ত্রীর গাড়ির চালক মো. নেসার জানান, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ত্রাণ বিতরণের উদ্দেশে সকালে ঢাকা থেকে সড়কপথে সিলেটের সুনামগঞ্জ যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছলে ভৈরব থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে কেউ আহত হয়নি। পরে অক্ষত অবস্থায় ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে বের হয়ে অন্য আরেকটি গাড়িতে করে সুনামগঞ্জ রওনা দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাটুরিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। অপর আরোহী গুরুতরভাবে আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের চরভদ্রাসনে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সুজন শেখ (২৫) নিহত এবং আরোহী     এস এম রাশিদুল আলী (৩৩) আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বাছারবাড়ি নামক স্থানে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন শেখ পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের আকটের চর গ্রামের জলিল শেখের ছেলে।

মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই কৃষক নিহত

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়েরমাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (২৫)।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, বাড়ি থেকে তারা ব্যাটারিচালিত রিকশা ভ্যানযোগে উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে গড়েরমাথা নামক স্থানে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা দুই কৃষকের মৃত্যু হয়।