স্বাস্থ্যবিধি মেনে জীবিকা রক্ষা ও নামাজ সহ্য হচ্ছে না বিএনপির : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ মে ২০২০, ২৩:০৮

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে খেটে খাওয়া মানুষের জীবিকা রক্ষা, মসজিদে নামাজ আদায় সম্ভবত বিএনপির সহ্য হচ্ছে না। গতকাল বুধবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মন্ত্রীর পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে তার নির্বাচনি এলাকা রাঙ্গুনিয়া এবং আংশিক বোয়ালখালী উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হবার পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

‘লকডাউন শিথিল করে সরকার ভয়াবহ ভুল করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে ছোটো দোকানদারা বিক্রি করে তাদের বাচ্চা-কাচ্চাকে খাওয়ানোর জন্য কিছুটা হলেও মুনাফা পাচ্ছে, জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে, মানুষ যে মসজিদে গিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ছে এগুলো সম্ভবত তাদের (বিএনপির) সহ্য হচ্ছে না।’ বিশ্বের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে ভারতে প্রতিদিন একশর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করা হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে যেখানে এখনো প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও মানুষের জীবিকার কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে।’ আমাদের দেশেও কিছুটা শিথিল করা হয়েছে, তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকান বা মার্কেট বন্ধও করে দেওয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বিএনপিকে এ ধরনের সমালোচনা না করে একসঙ্গে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করার অনুরোধ জানান।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, ড. হাছান মাহমুদের পারিবারিক সংস্থা এনএনকে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো. খালেদ মাহমুদ, শিক্ষক আবদুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দীন তালুকদার, প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ, মওলানা আইয়ুব নূরসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ ভিডিও কনফারেন্সে অংশ নেন।