চলে গেলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি জামান রেশমা। আজমেরি জামান রেশমা মঞ্চ ও রূপালি পর্দার নামি অভিনয়শিল্পী ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের একেবারে শুরুর দিকে বিখ্যাত নাটক ‘মুখরা রমণী বশীকরণ’ এ মূল চরিত্রে অভিনয় করে তিনি সাড়া ফেলেছিলেন।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২। ১৯৬০ সালে রেশমা বেতার ও ভয়েস অব আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। ৭০ দশকে তার ব্যাপক পরিচিতি ঘটে টিভিতে। বিশেষ করে মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে অভিনয় করেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। নাটকটির নির্দেশক ছিলেন বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার।
