স্পোর্টস রিপোর্টার
সেই বিশ্বকাপে দুবার ভারত-পাকিস্তান লড়াই হয়েছিল। এর মধ্যে প্রথমবার ভারত জিতেছিল সুপার ওভারে। আর এতদিন পরে এসে সেই জয়ের রহস্য নিয়ে বললেন, রবিন উথাপ্পা। তিনি বলেছেন, ধোনির বুদ্ধিতেই এসেছিল জয়।
ভারতের হয়ে প্রথম বল করেন বিরেন্দর শেবাগ, দ্বিতীয়টি হরভজন সিং। দুজনই ছোট্ট রান আপে এসে বল লাগান স্টাম্পে। পাকিস্তানের হয়ে দুই পেসার উমর গুল ও ইয়াসির আরাফাত পুরো রান আপ নিয়ে বোলিং করে স্টাম্পে লাগাতে পারেননি। ভারতের তৃতীয় বলটি করেন উথাপা, যিনি বলা যায় একদমই বল করতেন না। কিন্তু ছোট্ট করে দৌড়ে এসে উথাপাও বল লাগান স্টাম্পে। পাকিস্তানের তৃতীয় বলটি করেন শহিদ আফ্রিদি। ব্যর্থ হন তিনিও।
ভারত ৩-০তে এগিয়ে যাওয়ায় আর বাকি দুজনের বোলিংয়ের প্রয়োজন হয়নি। খ্যাপাটে উল্লাসে মেতে ওঠে ভারতীয়রা।
ছোট্ট রান আপে বল করার কৌশল তো কাজে দিয়েছিলই, উথাপা জানালেন আরেকটি কৌশলের কথা। আইপিএল দল রাজস্থান রয়্যালসের ডিজিটাল আয়োজনে, নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির সঙ্গে কথোপকথনে উথাপা বললেন ধোনির সেই কৌশলের কথা, ‘ধোনি একটা কৌশল খুব ভালো নিয়েছিলেন, পাকিস্তানি কিপার যা করেননি। পাকিস্তানের কিপার দাঁড়িয়েছিল কিপারদের স্বাভাবিক পজিশনে, স্টাম্পের পেছনে এক পাশে সরে। কিন্তু ধোনি দাঁড়িয়েছিল স্টাম্পের ঠিক পেছনে, একদম সোজাসুজি। আমাদেরকে বলেছিল, স্টাম্পে না তাকিয়ে স্রেফ তার শরীর সোজা বল করতে। এতেই কাজ হয়েছিল, বল স্টাম্পে লাগার সুযোগ তাতে বেড়ে গিয়েছিল। আমরা তার কথামতোই কাজ করেছি।’
