লিগ মাঠে ফেরানোর ব্যাপারটা এখনো পরিষ্কার না হলেও শেষের তারিখটা স্পষ্টই জানিয়ে দিয়েছে সিরি আ কর্তৃপক্ষ। ২০ আগস্টের মধ্যেই চলতি মৌসুম শেষ করতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি আরো জানায়, সিরি আ, সিরি বি এবং সিরি সি-র চলতি মৌসুম নির্দিষ্ট সময়ের মাঝে শেষ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী মৌসুম শুরু করতে চায় তারা। তবে বাতিল হয়ে গেছে আধাপেশাদার ও অপেশাদার লিগগুলো। তবে দেশটির নারী লিগ কিছুটা যদি-কিন্তুর বেড়াজালেই আটকে গেলো। বিবৃতিতে জানানো হয়, যদি স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত সব প্রটোকল মানতে পারে ক্লাবগুলো আর এফআইজিসি যদি পর্যাপ্ত সহায়তা দিতে পারে, তবেই আবারও মাঠে গড়াবে নারী লিগ।
