পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২১ মে ২০২০, ২১:৪২

ইত্তেফাক ডেস্ক

শ্যামনগরে মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে এক জন নারী ও নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনা ঘটে।

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, ঐ নিহত নারীর নাম মুনজুন নাহার (৫০)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোডাউন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি মহিষকুড় গ্রামের আশরাফ সাহার স্ত্রী। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়। 

অন্যদিকে বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, বড়াইগ্রামে বিআরটিসির ট্রাকের চাপায় একরামুল ইসলাম (২৮) নামের গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, একরামুল ইসলাম মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। পথে বড়াইগ্রাম থানার মোড় এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।