চট্টগ্রামে মাওলানা কুতুবউদ্দিনের দাফন সম্পন্ন

আপডেট : ২১ মে ২০২০, ২১:৪৪

করোনা পজিটিভ ছিল

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ ফজর নগরীর ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পরিবারের সদস্য ছাড়াও বায়তুশ শরফের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। জানাজা শেষে তাকে বায়তুশ শরফ প্রাঙ্গণে দাফন করা হয়।

গত বুধবার ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন (৮১)। তার নামাজে জানাজা হওয়ার কথা ছিল গতকাল বৃহস্পতিবার বাদ জোহর। তবে জনসমাগম এড়াতে নির্ধারিত সময়ের আগেই জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে চট্টগ্রামের বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বুধবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।