নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের রেকর্ড

আপডেট : ২১ মে ২০২০, ২২:২৭

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের বিস্তার বেড়েই চলছে। মার্কেট ও গার্মেন্টস চালু করার পর নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জ জেলাতে প্রবেশ ও জেলা থেকে কেউ যেন বের হতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। এদিকে, শহরের মার্কেটগুলোতে ভিড় বেড়েই চলছে। একই সঙ্গে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তাই নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের আতঙ্ক বাড়ছে। স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষকে এখনই সচেতন করা না গেলে নারায়ণগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় প্রশাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য মতে, আক্রান্ত হয়েছে ১৫৪ জন যা নারায়ণগঞ্জে এক দিনে সর্বোচ্চ। মূলত শপিংমলে ভিড়, সড়কে যানজট, গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান চালু হয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। যার প্রমাণ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা দেখে। মূলত সড়কে যানজট, শপিংমলে ভিড়, ফুটপাতে হকারসহ নারায়ণগঞ্জে সব কিছুই এখন স্বাভাবিক। করোনার হটস্পট নারায়ণগঞ্জ জেলাতে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে সকল প্রকার কার্যক্রম। প্রশাসনের কর্তাব্যক্তিরা হুঙ্কার দিয়েই শান্ত। বরং চিরচেনা রূপে ফিরছে নারায়ণগঞ্জ। ৫ মিনিটের পথ যানজটের কারণে আধা ঘণ্টা এমনকি এক ঘণ্টাও সময় লাগছে। প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে ঈদের বাজার। সাধারণ মানুষ ফিরেছেন স্বাভাবিক জীবনে। তাদের এমন স্বাভাবিক আচরণ দেখে মনে হবে নারায়ণগঞ্জে করোনার প্রভাব পড়েনি। বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে নারায়ণগঞ্জে অবস্থা হবে আরো ভয়াবহ। যা সামাল দিতে অনেক বেগ পেতে হবে প্রশাসনকে। আর প্রশাসনের নমনীয়তার কারণেই নারায়ণগঞ্জ স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছে। অথচ করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে কাজে বাইরে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জানা গেছে, বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম শনাক্ত তিন জনের মধ্যে নারায়ণগঞ্জেরই দুই জন ছিলেন। এর পর থেকে এ জেলায় দিনে দিনে আক্রান্তের সংখ্যা শুধু বেড়ে চলেছে। কমার কোনো লক্ষণ নেই। বরং যত বেশি বেশি নমুন পরীক্ষা করা যাচ্ছে, ততই নারায়ণগঞ্জের চিত্র পরিষ্কার হচ্ছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় নতুন আক্রান্ত হয়েছে ১৫৪ জন, মোট আক্রান্ত ১৮৭৮ জন। মোট মৃত্যু ৬৬ জন। নতুন ২২ জনসহ মোট সুস্থ হয়েছে ৪৯২ জন। এদিকে এবার কারাগারেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে কারাগারে ছয় জন আক্রান্ত হয়েছেন।