ইত্তেফাক রিপোর্ট
করোনা ভারাইস সংক্রমণ প্রতিরোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে ‘মুভমেন্ট পাশ’ চালুর উদ্যোগ নিয়েছে পুলিশ। এ পাশ নিয়ে মানুষ বাধাহীনভাবে চলাফেরা করতে পারবে। পাসের সেবা পেতে অনলাইনে যোগাযোগ করতে হবে। পাস দেওয়ার আগে পুলিশ ব্যক্তির চলাচলের যথাযথ কারণ সম্পর্কে নিশ্চিত হবে। শুধু জরুরি প্রয়োজনে চলাচলকারীকে এই পাস দেওয়া হবে। খুব শিগিগর এটি চালু হবে বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বলেন, মূলত নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্যসামগ্রী সরবরাহ এবং সেবাকাজে যারা সম্পৃক্ত তাদের ‘মুভমেন্ট পাশ’ দেওয়ার কথা চিন্তা করছে পুলিশ। এরই মধ্যে একটি অ্যাপ ডেভেলপ করা হয়েছে। অ্যাপটি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। তারা এটি ব্যক্তিগত ব্যবহার করে যাচাই-বাছাই করে সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত করবে। তিনি বলেন, জনসাধারণের কল্যাণে এবং স্বার্থরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি, তখন ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। খুব অল্প সময়ের মধ্যে এটি চালু হতে পারে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। তবে জরুরি প্রয়োজনে অনেককেই বের হতে হয়। কিন্তু অনেকে অপ্রয়োজনেও বাইরে বের হচ্ছে। এটি নিয়ন্ত্রণ করতে ‘মুভমেন্ট পাশ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উপযুক্ত কারণ দেখিয়ে পুলিশের কাছে অনলাইনে আবেদন করতে হবে। যাচাই-বাছাইয়ের পর এই সেবা মিলবে। তবে এখনো চালু হয়নি।
