মামলার আরো একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিল বিএনপি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:৫১

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর নামে ‘রাজনৈতিক’ মামলা রয়েছে তার আরও একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিনের কাছে মামলার তালিকা জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। মামলার তালিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, জমা দেওয়া তালিকায় ১ হাজার ২টি মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানে গ্রেফতার আছে ১২ শতাধিক নেতাকর্মী। মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৪৬ হাজার। উল্লেখ্য, বিএনপি এর আগে ৭ নভেম্বর ১ হাজার ৪৬টি মামলার তালিকা জমা দিয়েছিল। সেখানে ৫ হাজার ২৭৪ জন গ্রেফতার হওয়া কর্মীর নাম ছিল। ওইসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা ৯৬ হাজার ৭০০ জন। উভয় তালিকায় ২ হাজার ৪৮টি মামলায় নামোল্লেখ করা আসামির সংখ্যা  মোট এক লাখ ৪২ হাজার ৭০০ জন। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিন লাখ ৭০ হাজার ব্যক্তিকে।