রড বোঝাই ট্রাকে বাড়ি যাত্রা

লাশ হলেন ১৩ জন

আপডেট : ২১ মে ২০২০, ২৩:১১

গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী একটি ট্রাক উল্টে গিয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আইনশৃংখলা বাহিনীর চোঁখকে ফাঁকি দিয়ে ঢাকার গাজীপুর থেকে মালবাহী ট্রাকের ওপর ত্রিপল ঢাকা দিয়ে বাড়ি ফিরছিলেন।  সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ (দুবলাগাড়ী) এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল মোত্তালিব ওরফে মহসিন মিয়া (২৩), কুড়িগ্রামের উলিপুর উপজেলার করপোড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর (২৭), রংপুরের পীরগঞ্জ উপজেলার ঘোলঘরিয়া গ্রামের আব্দুর রজ্জাকের ছেলে ইমরান মিয়া (৩০), একই উপজেলার ধরলাকান্দি গ্রামের ফুল মিয়ার ছেলে ইছাহাক আলী (১৮), একই উপজেলার ধোরাকান্ত গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শামছুল আলম (৬৫) ও তার নাতী সোয়াইত (৭) এবং  একই জেলার কাউনিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে          শরিফুল ইসলাম (৩০)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, অম্ফানের কারণে বুধবার সন্ধ্যা থেকে জেলা জুড়ে বৃষ্টি ও  ঝড়ো হাওয়া বইছিল। এরমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, পরে বেলা সাড়ে ১২টার দিকে দূর্ঘটনাস্থল থেকে রড উদ্ধার করতে গিয়ে দেখা যায় রডের নিচে ডোবায় লাশ আর লাশ। একে একে সেখান থেকে ১০ জন মধ্য বয়ষ্ক পুরুষ ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এই লকডাউনের মধ্যে বাস বন্ধ থাকায় নিহতরা সবাই আইনশৃংখলা বাহিনীর চোঁখকে ফাঁকি দিয়ে ঢাকার গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। 

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী মালবাহী ট্রাকটির রডের ওপর ত্রিপলে ঢাকা ছিল এই শ্রমজীবী বাড়ি ফেরা মানুষ। পথে এই এলাকায় প্রচুর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার মধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে রডের নিচে খাদের পানির মধ্যে চাপা পড়া মানুষগুলো আর বের হতে পারেনি। ফলে ঘটনাস্থলেই তারা মারা যান। ধারান করা হচ্ছে নিহতরা সবাই ঢাকার গাজীপুরে পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন।তিনি আরও জানান, ট্রাক চালক ও তার সহকারীর সন্ধান এখনও পাওয়া যায়নি। 

গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দূর্ঘটনার কারণ উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে।