মুম্বাই : শতাধিক করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব

আপডেট : ২২ মে ২০২০, ০০:৩৬

ভারতে করোনায় আক্রান্ত শতাধিক মা সুস্থ সন্তান প্রসব করেছেন। পশ্চিমাঞ্চলীয় মুম্বাইয়ের একটি হাসপাতালে গত মাসে সুস্থ ১১৫টি শিশু ভূমিষ্ঠ হয়। চিকিত্সকেরা গতকাল জানিয়েছেন, প্রাথমিকভাবে ঐ শিশুদের মধ্যে তিন জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেলেও পরে তাদের ফলাফল নেগেটিভ আসে।

মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ঐ শিশুরা জন্মগ্রহণ করে। চিকিত্সকেরা জানিয়েছেন, হাসপাতালটিতে করোনায় আক্রান্ত দুই অন্তঃসত্ত্বা মা সেসময়ে মারা যান। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে সন্তান প্রসবের আগেই। মুম্বাইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ৮৪০ জনেরও বেশি মানুষ। লোকমান্য হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে করোনার সংক্রমণ নিয়ে সন্তান প্রসবকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মায়ের সি-সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে। আর বাকিরা প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া ১১৫ শিশুর মধ্যে ৫৬ জন ছেলে ও ৫৯ জন মেয়ে। আক্রান্ত মায়েদের মধ্যে ২২ জনকে অন্য হাসপাতাল থেকে ঐ হাসপাতালে পাঠানো হয়েছিল। আক্রান্ত প্রসূতি মায়েরা বাইরে নাকি হাসপাতালের ওয়ার্ডে সংক্রমিত হয়েছেন তা জানা যায়নি।

হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অরুণ নায়েক বলেন, ‘আমরা ভাগ্যবান যে করোনা পজিটিভ আসা বেশির ভাগ নারীর মধ্যেই কোনো উপসর্গ নেই। অল্প কয়েকজন জ্বর ও শ্বাসকষ্ট থাকার কথা বলেছেন। আমরা তাদেরকে চিকিত্সা দিয়ে ডেলিভারির পর বাড়ি পাঠিয়ে দিয়েছি।’ তিনি আরো বলেন, ‘মায়েদের মধ্যে অনেক উদ্বেগ কাজ করছিল। তারা আমাদের বারবার বলছিলেন, যে তারা মরে গেলে যাবেন, কিন্তু বাচ্চারা যেন সুস্থ থাকে।’ সন্তান জন্মদানের পর মায়েদেরকে একটি বিশেষ ওয়ার্ডে রাখা হয়। এরপর আলাদা একটি কেন্দ্রে ১০ দিন ধরে কোয়ারেন্টাইনে রাখা হয়। বাচ্চাদেরকে মায়ের কাছ থেকে আলাদা রাখা হয় না। মায়েরা ফেস মাস্ক ব্যবহার করে সন্তানদের স্তন্যপান করাতে পারেন।