পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ ফেরত্ পাঠানো হচ্ছে যাত্রীদের

আপডেট : ২২ মে ২০২০, ০০:৩৭

মানিকগঞ্জে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। তার পরও পদ্মা পাড়ি দেওয়ার জন্য ঈদে ঘরমুখো মানুষ বিভিন্ন যানবাহনে করে ঘাটে আসছেন । ঘাটে যাওয়ার ৩৩ কিলোমিটার আগে মানিকগঞ্জ জেলার প্রবেশ মুখে পুলিশ চেকপোস্ট বসিয়ে আটকে দিচ্ছে যাত্রীসহ বিভিন্ন যানবাহন। যাত্রীদের চলাচল রুখতে পাটুরিয়া ঘাট এলাকা পর্যন্ত চেকপোস্ট বসানো হয়েছে ছয়-সাতটি স্পটে।

বৃহস্পতিবার গোলড়া চেকপোস্ট পরিদর্শন শেষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে জেলার প্রবেশ মুখ গোলড়াতে চেকপোস্ট বসানো হয়েছে যাতে কোনো যানবাহন প্রবেশ করতে না পারে। যারা মোটরসাইকেলে মহাসড়কে আসছিল তাদের গোলড়াতে আটকিয়ে আইনের আওতায় আনা হচ্ছে। আবার অনেকে আঞ্চলিক সড়ক ব্যবহার করে পাটুরিয়া ঘাটে যাওয়ার সময় তাদের আটকানো হয়। বিআইডব্লিউটিসি ডিজিএম জিল্লুর রহমান বলেন, আম্ফানের কারণে নদীতে বাতাস ও ঢেউ থাকার কারণে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি পারাপার বন্ধ রয়েছে। পাটুরিয়া ফেরিঘাটে পণ্যবোঝাই কয়েক শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।