করোনায় আরো দুই

আপডেট : ২২ মে ২০২০, ০০:৪৫

করোনায় প্রাণ হারিয়েছেন পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার রাতে মোখলেছুর রহমান এবং নায়েক আল মামুনুর রশীদ নামে দুই পুলিশ সদস্য চিকিত্সাধীন অবস্থায় মারা যান। মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশে আর নায়েক মামুনুর রশীদ ডিএমপির পরিবহন বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশের ১১ সদস্য মারা গেলেন।

এদিকে গতকাল পর্যন্ত পুলিশের মধ্যে করোনা সংক্রমণে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৬৫ জন। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত বুধবার নতুন করে ১৮১ জন পুলিশ সদস্য করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিত্সাধীন থাকা এসব পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করা হয়। পরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে প্রায় চার শতাধিক পুলিশ সদস্য সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, করোনায় প্রাণ হারানো নায়েক আল মামুনুর রশিদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার সেবাগ্রামে। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মামুনুর রশিদের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী নিজ গ্রামে দাফন করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এর পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন, পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায়, এসআই জালাল উদ্দিন, ট্রাফিক কন্সটেবল মো. নঈমুল হক ও এসবির এসআই মুজিবুর রহমান মারা যান।

এদিকে গত তিন দিনের ব্যবধানে দেশে ৪৮৬ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩ হাজার ২৩৫ জন পুলিশ সদস্য এ ভাইরাসে আক্রান্ত হলেন। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে পাওয়া তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ২৩৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত মঙ্গলবার ছিল ২ হাজার ৭৪৯ এবং গত সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬২১ জন।

গতকালের তথ্যানুযায়ী, শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭৭ জন। অথচ গত ১৯ মে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৯ পুলিশ সদস্য। বুধবারও করোনা ভাইরাস মুক্ত হয়ে ১৮১ পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ফুলেল শুভেচ্ছায় বিদায় নেন।

পুলিশের সুরক্ষার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষাসামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’