রেস্তোরাঁ-ক্যাফেতে খেতে গেলে ৫০ ইউরো পাবেন ভিয়েনার বাসিন্দারা

আপডেট : ২২ মে ২০২০, ০০:৪৭

নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেক দেশেই লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আস্তে আস্তে লকডাউন তুলে নিচ্ছে বিভিন্ন দেশ। এই লকডাউনের কারণে প্রায় অচল হয়ে পড়েছে অনেক দেশের অর্থনীতি। বড়ো ধাক্কা খেয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় রেস্তোরাঁ ও ক্যাফেগুলোকে সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মেয়র। রাজধানীবাসীরা যাতে আবারও রেস্টুরেন্ট ক্যাফেমুখী হন সেজন্য প্রায় সাড়ে ৯ লাখ পরিবারকে ৫০ ইউরোর একটি করে ভাউচার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভিয়েনার মেয়র মাইকেল লুডউইগ সম্প্রতি এই ঘোষণা দিয়েছেন।

ভাউচারগুলো গত ১৬ মে থেকে বৈধ হয়েছে। ঐ দিন বেশকিছু সতর্কতামূলক নির্দেশিকা মেনে অস্ট্রিয়ায় রেস্তোরাঁ ও ক্যাফে পুনরায় খুলেছে। এর মধ্যে রয়েছে প্রত্যেক কর্মীকে সব সময় নাক-মুখ ঢেকে রাখা, প্রতিটি টেবিল তিন ফুট দূরত্বে রাখা, চার জনের বেশি একসঙ্গে বসতে না দেওয়া (একই পরিবারের হলে চার জনের বেশি বসা যাবে), রাত ১১টার মধ্যে দোকান বন্ধ করা। খবর : ব্লুমবার্গ