স্পোর্টস রিপোর্টার
সামনে ভারতের দুটি সফর করার কথা—শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ায়।
ভারতে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু কাকতালীয়ভাবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াতে করোনার এই উপদ্রব অনেকটাই কমে এসেছে। ফলে দুটি দেশই নির্ধারিত সময়ে ভারতকে আশা করছে দেশের মাটিতে। এর মধ্যে ডিসেম্বর ও জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতের। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা করছে, এই সফর নির্ধারিত সময়েই হবে।
শতভাগ না হলেও ১০ ভাগের ৯ ভাগই নিশ্চিত অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলছিলেন, তিনি মোটামুটি নিশ্চিত এই সিরিজটা হবে, ‘এখনকার বিশ্বে নিশ্চিত বলে কোনো কিছু নেই। তাই ১০-এ ১০ আমি বলতে পারছি না। এটুকু বলতে পারছি, ভারতের সফরে আসার সম্ভাবনা ১০-এ ৯। খেলায় দর্শক থাকবে কি না, সেটি অবশ্য এখনো দোলাচলে আছে। তবে ভারতের সফর না হলে আমি বিস্মিত হব। শুরু থেকে দর্শকদের পুরোপুরি রাখতে পারব কি না, সেটি নিশ্চিত বলতে পারছি না। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের বিপক্ষে সিরিজের আগেই অস্ট্রেলিয়া দলকে দেখা যেতে পারে মাঠে। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তাদের ওয়ানডে সিরিজটি স্থগিত হয়েছে আগেই। সেটি এখন হতে পারে সেপ্টেম্বরে। তার আগেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তাই অস্ট্রেলিয়া খেলতে যেতে পারে সেখানে, বলছেন রবার্টস, ‘খানিকটা সম্ভাবনা আছে, আমরা দল পাঠাতে পারি। অবশ্যই ক্রিকেটারদের কোনোরকম ঝুঁকিতে ফেলব না আমরা। তবে আমাদের সফরের আগেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সফর আছে সেখানে, তখনই বড়ো পরীক্ষা হবে। আশা করি, এই সিরিজগুলো ঝামেলা ছাড়াই শেষ হবে।’
