স্পোর্টস ডেস্ক
জয় দিয়ে বুন্ডেসলিগার দ্বিতীয় ভাগ শুরু করার পর আজ শনিবার রাতে আবারও মাঠে নামছে বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ড। বরুসিয়া খেলবে ভলফসবুর্গের মাঠে, তাদেরই বিপক্ষে। অন্যদিকে বায়ার্ন আতিথ্য দেবে আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।
আগের ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তুষ্টি ছিল বায়ার্ন শিবিরে। ম্যাচের অন্তিম সময়ের গোলেই যে ড্রয়ের শঙ্কা থেকে বেঁচে ফিরেছিল ব্যাভারিয়ানরা! ‘প্রথম’ ম্যাচ হিসেবে সেটাকে একপাশে রাখাই যায়।
তবে আজ পয়েন্ট খোয়ালেই বিপদের সম্ভাবনা আছে কোচ হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। বরুসিয়ার বিপক্ষে আসছে মঙ্গলবারেই ডার ক্লাসিকার খেলতে নামবেন থমাস মুলাররা। এমন অবস্থায় চার পয়েন্টে এগিয়ে থাকা বায়ার্ন আজ পয়েন্ট খোয়ালে বরুসিয়ার সামনে শীর্ষে ওঠার বড়ো সুযোগই তৈরি করে দেবে।
অন্যদিকে বরুসিয়া আছে আগুনে ফরমে। গেল ম্যাচদিবসে একমাত্র দল হিসেবে ঘরের মাঠে জেতা দলটিই তারা। আরেকটু স্পষ্ট করে বললে বলতে হবে আর্লিং হালান্ডের নাম। বিরতি শেষে প্রথম গোলটা এসেছিল তার পা থেকে, অবদান ছিল বাকি তিন গোলেও।
শেষ ম্যাচের প্রতিপক্ষের নামও বড়ো অনুপ্রেরণা তাদের। নগর প্রতিদ্বন্দ্বী শালকেকে হারানোয় তাদের আত্মবিশ্বাসটা এখন আকাশচুম্বি। এমন অবস্থায় ভলফসবুর্গের বিপক্ষে জেতাটা খুবই সম্ভব লুসিয়ান ফাভ্রের শিষ্যদের।
