জয়পুরহাট প্রতিনিধি
জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টিপাতের ফলে ১০ হাজার ৭০০ হেক্টর জমির বোরো পাকা ধান জমিতে হেলে পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, খাদ্যে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে আগাম জাতের বোরো ধানসহ এরই মধ্যে ৩২ ভাগ ধান কাটা, মাড়াই সম্পন্ন হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষকদের ধান কাটার পরামর্শ প্রদান করা হয় কৃষি বিভাগ থেকে। এর মধ্যে গত সপ্তাহে পর পর দুই দফা হালকা ঝড়ের মধ্যে পড়লেও বোরো ধানের তেমন ক্ষতি হয়নি। বুধবার রাত থেকে শুরু হওয়া সুপার ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, আক্কেলপুর ও কালাই উপজেলার ১০ হাজার ৭০০ হেক্টর জমির বোরোর পাকা ধান হেলে পড়েছে বলে জানায় কৃষিবিভাগ। এতে কিছুটা হলেও ফলনের ক্ষতি হবে বলে আশঙ্কা করেছেন কৃষকরা। সদর উপজেলার কোমগ্রাম এলাকার কৃষক সামছুল ইসলাম জানান, তার পাঁচ বিঘা জমির বোরোর পাকা ধান সম্পূর্ণভাবে হেলে পড়েছে এবং কিছু ধান বৃষ্টিতে ডুবেও গেছে। এ ছাড়াও ঝড়ো হাওয়ার কারণে জেলায় বেশ কিছু জমির ভুট্টাও হেলে পড়েছে। ধান পানিতে ডুবে না যাওয়ায় তেমন ক্ষতি হবে না বলে মন্তব্য করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি। জেলায় ৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
