আম্ফানে পটুয়াখালী-বরগুনা প্রজেক্ট সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২২ মে ২০২০, ২১:১৬

পটুয়াখালী প্রতিনিধি ও দুমকী সংবাদদাতা

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পটুয়াখালীর এলজিইডির অধীন পটুয়াখালী-বরগুনা প্রজেক্টের দুমকী উপজেলার ইউনিয়ন সংযুক্ত সড়ক নির্মাণ কাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুমকী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে পুকুরজানা ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক নির্মাণকাজের শেষ পর্যায়ে ছিল। রাস্তা নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান এম. খানের সাইট সুপারভাইজার লিটন জানান, ৫ কিলোমিটার ঐ সড়কের বালি ফেলা, সাব ফেইজ শেষে মেকাডামের জন্য প্রস্তুত করা হয়েছিল। ঘূর্ণিঝড়ে ও বৃষ্টিপাতে ৫ কিলোমিটার জুড়েই ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন স্থানের বালি ও মেকাডাম ঝড়ে উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলজিইডির পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী আ. ছাত্তার সাংবাদিকদের জানান, সরেজমিনে পরিদর্শন শেষে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।