ব্রাজিলে আক্রান্ত ৩ লাখ মৃত্যু ২০ হাজার ছাড়াল

আপডেট : ২২ মে ২০২০, ২১:৫১

বিবিসি ও রয়টার্স

মহামারি আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ১০ হাজার পেরিয়ে গেছে। প্রাণঘাতী ভাইরাসটি শনাক্তে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে আরো অন্তত কয়েক সপ্তাহ লাগতে পারে। মৃত্যুর সংখ্যায় দেশটি শিগিগরই স্পেন, ইতালি ও ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা তাদের। আক্রান্ত ও মৃত্যুর এমন বৃদ্ধির মধ্যেও দক্ষিণ আমেরিকার এ দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো বিধিনিষেধ শিথিলে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে যাচ্ছেন।

করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মতাদর্শিক মিত্র’ বোলসোনেরোর ব্যর্থতা নিয়ে ব্রাজিলের বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনা আছে। কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অগ্রাহ্য করায় এক মাসের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকা দুই বিশেষজ্ঞ চিকিত্সক পদত্যাগ করেছেন। এরপর সেনাবাহিনীর জেনারেল পদে থাকা এদুয়ার্দো পাজুয়েলোকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।

সমালোচকদের ভাষ্য, অর্থনীতি সচলের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিকে অবজ্ঞা করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করে ডানপন্থি এ প্রেসিডেন্ট করোনা ভাইরাসের চিকিত্সায় ম্যালেরিয়া রোগে ব্যবহূত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে চিকিত্সকদের ওপর চাপও বাড়াচ্ছেন। ব্রাজিলের পাশাপাশি পেরু, চিলিসহ দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোতেও কোভিড-১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এ কারণে যুক্তরাষ্ট্রের পর এ অঞ্চলই করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হতে যাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন।